মাঠের লড়াইয়ে তাদের দ্বৈরথ দুই দশকের। একজন রেকর্ড গড়েন তো অন্যজন যেন তৈরি থাকেন তা ভেঙে গুঁড়িয়ে দিতে। ২০২৬ ফিফা বিশ্বকাপে ২৪ ঘণ্টার ব্যবধানে দেখল তেমনই এক অবিশ্বাস্য নাটকীয়তা।
Advertisement
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোলের যে কীর্তি লিওনেল মেসি গড়েছিলেন, তা একদিন পার হতেই নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টেক্সাসের হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর এমন প্রত্যাবর্তনের রাতে উজবেকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই হোয়াও কানসেলোর ক্রস থেকে ডান পায়ের দারুণ ফিনিশিংয়ে ইতিহাস গড়েন সিআরসেভেন। এই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় বিশ্বরেকর্ড গড়েন তিনি। এখানেই থামেননি, ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের থ্রুপাস ধরে চোখধাঁধো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই জোড়া গোলের ওপর ভর করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গেছেন রোনালদো। এর মাধ্যমে তিনি দেশটির কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে (৯ গোল) ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি এককভাবে নিজের করে নিলেন।
Advertisement
রেকর্ড গড়া ম্যাচের পর রোনালদো বলেন, ‘এটা খুব আনন্দের, তবে সবচেয়ে বড় কথা সমালোচনা পেছনে ফেলে দল জিতেছে এবং আমরা সঠিক কক্ষপথে আছি। আমাদের লক্ষ্য এখন অনেক দূরে।’
১০০০ আন্তর্জাতিক গোলের মাইলফলক থেকে রোনালদো এখন মাত্র ২৫ গোল দূরে দাঁড়িয়ে। তার মোট গোলসংখ্যা এখন ৯৭৫টি।
আরআই/আইএইচএস/
Advertisement