খেলাধুলা

‘রোনালদো-নেইমারের আর কিছু প্রমাণ করার নেই’

পর্তুগাল ডিফেন্ডার হোয়াও ক্যানসেলো মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মতো দুই কিংবদন্তি ফুটবলারের আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। এবারে বিশ্বকাপ চলাকালে এই দুই তারকার পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়তে থাকলেও তাদের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ ফুলব্যাক।

Advertisement

পর্তুগালের প্রথম ম্যাচে কঙ্গো ডিআরের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ৪১ বছর বয়সী রোনালদো সমালোচনার মুখে পড়েন। যদিও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সব সমালোচনার জবাব দেন তিনি।

অন্যদিকে ব্রাজিলের দুই ম্যাচেই মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। কাফ ইনজুরির কারণে খেলতে না পারায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাকে বিশ্বকাপ দলে নেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল। তবে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে নামতে পারেন বলে শোনা যাচ্ছে।

তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ক্যানসেলো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি মনে করি না নেইমার বা ক্রিশ্চিয়ানোকে কারও কাছে কিছু প্রমাণ করতে হবে। তাদের প্রতিভা এবং ফুটবলে তারা যা অর্জন করেছে, সেটাই তাদের হয়ে কথা বলে। এসব আলোচনা শুধু দেখানোর জন্য। ক্রিশ্চিয়ানো এবং নেইমার দুজনেই জানে তারা কারা এবং নিজেদের দেশের জন্য কী প্রতিনিধিত্ব করে।’

Advertisement

বিশ্বকাপে রোনালদো ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছেন। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে পর্তুগালের হয়ে ১৪৫ গোল করে পুরুষ ফুটবলের আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন রোনালদো। বিশ্বকাপের চলতি আসরেও তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন এবং পর্তুগালের ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন।

অন্যদিকে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সেই চোট কাটিয়ে এবার বিশ্বকাপে ফিরলেও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে নেইমার খেলার জন্য প্রস্তুত।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে স্কটল্যান্ড শিবিরেও আলোচনার কমতি নেই। তবে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি জানিয়েছেন, ব্রাজিলিয়ান তারকার মুখোমুখি হতে তার কোনো ভয় নেই।

বর্তমানে ৩১ বছর বয়সী হেন্ড্রি স্মরণ করেন, ২০২১-২২ মৌসুমে ক্লাব ব্রুজের হয়ে খেলতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই পিএসজি দলে একসঙ্গে খেলতেন নেইমার, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে।

Advertisement

হেন্ড্রি বলেন, ‘নেইমারের বিপক্ষে খেলতে আমার কোনো সমস্যা নেই। আমি এর আগেও তার বিপক্ষে খেলেছি এবং আবার খেলতে মুখিয়ে আছি। এটা দারুণ একটি লড়াই হবে। সৌদি আরবে থাকাকালীনও তার বিপক্ষে আরও বেশি খেলার সুযোগ হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে এসিএল ইনজুরিতে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে যখন তার বিপক্ষে খেলেছিলাম, তখন সামনে ছিল মেসি, এমবাপে এবং নেইমারের ত্রয়ী। এর চেয়ে ভয়ংকর আক্রমণভাগ খুব কমই দেখা যায়। এমন খেলোয়াড়দের বিপক্ষে খেলতে হলে সবসময় মনোযোগী থাকতে হয়। এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারালে তারা শাস্তি দিতে পারে।’

হেন্ড্রির মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা একজন ফুটবলারের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নেইমার মাঠে ফিরলে তাকে স্বাগত জানাতেই প্রস্তুত স্কটল্যান্ডের এই ডিফেন্ডার।

আইএইচএস/