বিশ্বকাপে নতুন নিয়ম ভঙ্গ করে মুখ ঢেকে কথা বলার অপরাধে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। মঙ্গলবার ফিফা নিশ্চিত করেছে যে, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না।
Advertisement
ফিফা জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই।
গত শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে তুর্কি খেলোয়াড় মের্ত মুলদের সঙ্গে বাগ্বিতণ্ডার সময় মুখ ঢেকে কথা বলেন আলমিরন। ঘটনাটি প্রথমে মাঠের রেফারির নজরে না এলেও মুলদার বিষয়টি রেফারিকে জানান। পরে ভিএআর পর্যালোচনায় অভিযোগ সত্য প্রমাণিত হলে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ড পাওয়া প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।
Advertisement
নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা প্রতিপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক বা মৌখিক সংঘর্ষের সময় মুখ ঢেকে কথা বলতে পারবেন না। এমনটি করলে সরাসরি লাল কার্ড দেখানোর বিধান রাখা হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর উদ্যোগে এই নিয়ম চালু করা হয়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি মুখ ঢেকে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন। পরে উয়েফা তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যার তিন ম্যাচ স্থগিত রাখা হয়।
এরপর গত এপ্রিল মাসে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সিদ্ধান্ত নেয়, কোনো খেলোয়াড় মৌখিক সংঘর্ষের সময় মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যেতে পারে। যদিও এটি ফুটবলের মূল আইনে বাধ্যতামূলক নয়, তবে ফিফার মতো প্রতিযোগিতা আয়োজক সংস্থাগুলো চাইলে নিয়মটি প্রয়োগ করতে পারে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, মুখ ঢেকে কথা বলার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সম্মানবোধ এবং খেলোয়াড়দের অনুসরণযোগ্য আচরণের সঙ্গে সম্পর্কিত। যদি লুকানোর কিছু না থাকে, তাহলে কথা বলার সময় মুখ ঢাকারও প্রয়োজন নেই। নিয়ম সবার কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও নকআউট পর্বে ওঠার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে প্যারাগুয়ে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের।
এমএমআর