খেলাধুলা

মেসিকে নিয়ে বারবার প্রশ্ন, বিরক্ত হয়ে চলে যেতে চাইলেন রোনালদো

দুই দশক ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাতিয়ে রেখেছে পুরো ফুটবল বিশ্বকে। বিশ্বকাপেও তার আঁচ লেগেছে। বিশ্বকাপে এরই মধ্যে ২ ম্যাচে ৫ গোল করেছেন মেসি। রোনালদোও করেছেন দুই গোল।

Advertisement

রোনালদোর ম্যাচের আগের রাতে দুই গোল করেছেন মেসি। উজবেকদের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড গড়া রোনালদোর কাছে স্বাভাবিকভাবেই গেছে মেসিকে নিয়ে প্রশ্ন। তবে এতে বিরক্তি প্রকাশ করেন পর্তুগিজ যুবরাজ, উত্তর দিতে অস্বীকৃতিও জানান।

প্রথম প্রশ্নে সম্ভাব্য এক ঐতিহাসিক রোনালদো-মেসি মুখোমুখি হওয়ার প্রসঙ্গ তোলা হলে তিনি সেটিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন এবং পরে মেসিকে নিয়ে আরেকটি প্রশ্নের উত্তরই দেননি।

প্রথম প্রশ্নে একজন সাংবাদিক স্প্যানিশ ভাষায় জানতে চান, বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে লিওনেল মেসির সঙ্গে দেখা হলে, সেটি কি দুই কিংবদন্তির সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে বিশেষ কিছু হবে কি না?

Advertisement

রোনালদো জবাবে বলেন, ‘আমি জানি না কী উত্তর দেব, কারণ এটা অর্থহীন একটি প্রশ্ন। অবশ্যই ভালো লাগতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, গ্রুপ পর্ব থেকে এগিয়ে যাওয়া এবং সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকা। আমরা জানি কলম্বিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমি ভালো খেলেছি, গোল করেছি এবং দলকে সাহায্য করেছি। দলও খুব ভালো খেলেছে।’

সাক্ষাৎকারের আরেক পর্যায়ে রোনালদো পর্তুগালকে নিয়ে আরেকটি প্রশ্নের উত্তর দেন। শেষ প্রশ্নের আগে আরেক সাংবাদিক বলতে শুরু করেন, ‘গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপে...’ এটুকু বলতেই রোনালদো অন্য এক সাংবাদিকের দিকে ফিরে ইশারা করে বলেন, ‘চলুন, চলুন, চলুন ।’

এরপর সাংবাদিক জিজ্ঞেস করেন, তিনি কি আর একটি প্রশ্নের উত্তর দেবেন? রোনালদো রীতিমত বিরক্ত হয়ে উত্তর দেন, ‘প্রশ্নের ওপর নির্ভর করে, না হলে আমি উত্তর দেব না।’

এরপর সাংবাদিক প্রথম ম্যাচের প্রসঙ্গ তুলে জানতে চান, রোনালদো কি অবশেষে বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ফিরেছেন? রোনালদো প্রতিউত্তরে বলেন, ‘আমি সবসময় পৌঁছে যাই, আগে বা পরে, আমি সেখানে থাকি। তাই আমার কাজ চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। আমি যা করি, তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমার পুরো ক্যারিয়ারই এমন ছিল। আমি খুব খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, পরিবারগুলোর সঙ্গে থাকা এবং যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেদিকে মনোযোগ দেওয়া। বাইরের বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন বলেছি, আমি এসবের সঙ্গে অভ্যস্ত।’

Advertisement

উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ফলে পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে অস্থায়ীভাবে বিশ্বকাপের গ্রুপ কে-র শীর্ষে উঠে গেছে। কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট অর্জন করেছে এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে জিতলে আবারও শীর্ষস্থান দখল করতে পারে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার রাত মিয়ামিতে পর্তুগাল ও কলম্বিয়া মুখোমুখি হবে। একই সময়ে ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের মধ্যেও আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরআর/এমএমআর