চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয়রা জানায়, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী দীর্ঘদিনের বন্ধু। বুধবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসারুল ইসলাম তুষার বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Advertisement
সোহান মাহমুদ/এফএ/এএসএম