চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট।
Advertisement
বুধবার (২৪ জুন) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেছেন।
আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী মো. আহসানুল করিম ও ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে রুল শুনানির জন্য ২৪ জুন নির্ধারণ করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় সেটি শুনানি হয়।
Advertisement
তারও আগে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করার জন্যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল, গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।
ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত ১৬ জুন প্রধান বিচারপতির নেতৃত্বীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
Advertisement
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিলও গত ৩ ফেব্রুয়ারি মঞ্জুর করেন আপিল বিভাগ। সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আদেশে বলা হয়, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ এ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এফএইচ/এমআইএইচএস