যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় মামলার বাদী ও বিবাদীসহ চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন।
Advertisement
সাজাপ্রাপ্তরা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মণিরামপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী এবং কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন। একই মামলার বিবাদী হিসেবে অপর তিনজনও আদালতে উপস্থিত ছিলেন। মামলার চার্জগঠনের শুনানি শেষে বাদী ও বিবাদীরা আদালতের বারান্দায় বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
বিষয়টি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে চারজনকে আটক করান এবং কোতোয়ালি থানায় খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ ১৫১ ধারায় তাদের আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই দিনেশ ঘোষ চারজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
Advertisement
প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত সিআর মামলার বাদী জাকারিয়া ও বিবাদী অপর তিনজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজাপ্রাপ্ত চারজন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মিলন রহমান/এফএ/এমএস