চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে ছুরিকাঘাতে আলোচিত হত্যা মামলায় মাত্র সাত কার্যদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। তদন্তে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
বুধবার (২৪ জুন) রাতে চট্টগ্রাম জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জুয়েল মিয়া আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গত ১৩ জুন রাতে আনোয়ারা উপজেলার পরৈকড়া ইউনিয়নের চেনামতি গ্রামে নিজ বাড়িতে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আরেক শিশু গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ জানায়, ঘটনার পরদিন পটিয়া রেলস্টেশন এলাকা থেকে তেজপ্রিয় বড়ুয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতদের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও তিনি অপরাধের কথা স্বীকার করেন।
Advertisement
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় চার পুলিশ সদস্যসহ ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মা ও মেয়ের মৃত্যুর কারণ হিসেবে ধারালো অস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত শিশুর মাথায় গুরুতর আঘাতের তথ্যও চিকিৎসা প্রতিবেদনে উঠে এসেছে।
তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ ও আলামত সংগ্রহ করে দ্রুত তদন্ত সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাত কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। গুরুত্বের সঙ্গে তদন্ত শেষ করা হয়েছে। এখন মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এমআরএএইচ/ইএ
Advertisement