আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্প টের পেল ব্রাজিলও, সাহায্য করতে চায় আর্জেন্টিনা

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে শক্তিশালী জোড়া ভূমিকম্প। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে রাজধানী কারাকাসের বহু ভবন। ভয়াবহ এই দুর্যোগে হতাহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

Advertisement

জানা গেছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার একাধিক দেশ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ঠিক এক মিনিট পর একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Advertisement

ভয়াবহ এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এই কঠিন সময়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বলিভিয়া, ব্রাজিল, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভেনেজুয়েলাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক মতপার্থক্য ভুলে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সরকারের মধ্যে নানা মতপার্থক্য থাকলেও এই প্রাকৃতিক দুর্যোগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

সহযোগিতার আশ্বাস দেওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি একে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের অনন্য নিদর্শন বলে উল্লেখ করেন।

Advertisement

সূত্র: আল-জাজিরাকেএএ/