আন্তর্জাতিক

ফিলিপাইনে গুলিবর্ষণের ঘটনায় তিন শিক্ষার্থী নিহত, তদন্তে ‘গোরবক্স’ গেম

ফিলিপাইনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনার পর জনপ্রিয় গেমিং অ্যাপ গোরবক্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলার সন্দেহভাজন এক কিশোর এই গেমটি খেলত।

Advertisement

গত সোমবার রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর তাকলোবান-এর একটি শ্রেণিকক্ষে দুই কিশোর পিস্তল দিয়ে গুলি চালায়। এতে তিন শিক্ষার্থী নিহত এবং আরও ২০ জন আহত হয়। অভিযুক্ত দুই কিশোরের বয়স ১৫ ও ১৪ বছর।

পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সি সন্দেহভাজন কিশোরটি গোরবক্সের খেলোয়াড় ছিল। গুগল প্লে স্টোরে গেমটির বর্ণনায় বলা হয়েছে, খেলোয়াড়রা ইচ্ছেমতো যেকোনো কিছু ধ্বংস করতে পারে এবং বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নৃশংস লড়াইয়ে অংশ নিতে পারে।

ফিলিপাইনের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, এই মর্মান্তিক ঘটনার পেছনে সম্ভাব্য অনলাইন প্রভাবকে আমরা উপেক্ষা করতে পারি না।

Advertisement

সাইবারক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড কো-অর্ডিনেটিং সেন্টারের উপ-সচিব অ্যাবোই প্রাইসো বলেন, গেমটি সাময়িকভাবে বন্ধ রাখার ফলে এই প্ল্যাটফর্মটি সন্দেহভাজনদের কর্মকাণ্ডে কোনো ভূমিকা রেখেছিল কি না সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিতভাবে মূল্যায়ন করতে পারবে।

এদিকে, গেমটির নির্মাতা জার্মান প্রতিষ্ঠান F2Games-এর কাছে মন্তব্য চেয়েছে বিবিসি নিউজ। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণাগুলো এখন পর্যন্ত ভিডিও গেম ও সহিংস আচরণের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পায়নি।

গোরবক্স একটি ফার্স্ট-পার্সন শুটার (এফপিএস) গেম, যা এককভাবে কিংবা অনলাইনে একাধিক খেলোয়াড়ের সঙ্গে খেলা যায়। এর অত্যন্ত সহিংস ও নিয়ন্ত্রণহীন গেমপ্লের কারণে International Age Rating Coalition এটিকে ‘আর-১৮’ (১৮ বছরের ঊর্ধ্বে) রেটিং দিয়েছে।

Advertisement

সূত্র: বিবিসিকেএম