বিশ্বসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন মাইকেল জ্যাকসন। ‘পপ সম্রাট’ খ্যাত এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুর ১৭ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
Advertisement
মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যু বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে শোকাহত করেছিল। তবে মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা ও প্রভাব একটুও কমেনি। বরং নতুন প্রজন্মের কাছেও তিনি সমানভাবে অনুপ্রেরণার নাম।
শৈশবে ভাইদের সঙ্গে ‘জ্যাকসন ফাইভ’ দলের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন মাইকেল। পরে একক শিল্পী হিসেবে বিশ্বসংগীতে বিপ্লব ঘটান তিনি। আশির দশকে তার উত্থান সংগীতের ইতিহাসই বদলে দেয়। ‘বিট ইট’, ‘বিলি জিন’, ‘থ্রিলার’, ‘ব্যাড’, ‘ম্যান ইন দ্য মিরর’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘হিল দ্য ওয়ার্ল্ড’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন বিশ্বসংগীতের এক অনন্য প্রতীক।
গান, নৃত্য ও মঞ্চ পরিবেশনায় নতুন মাত্রা যোগ করেছিলেন মাইকেল জ্যাকসন। বিশেষ করে তার বিখ্যাত ‘মুনওয়াক’ নৃত্যভঙ্গি আজও বিশ্বজুড়ে শিল্পী ও ভক্তদের অনুপ্রাণিত করে।
Advertisement
কর্মজীবনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল নানা আলোচনা ও বিতর্কে ঘেরা। তবে সব বিতর্ক ছাপিয়ে শিল্পী হিসেবেই তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। আদালতের রায়ে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ প্রয়োগের কারণে তার মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করা হয়।
এদিকে কিংবদন্তি এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র ‘মাইকেল’ ইতোমধ্যে আলোচনায় এসেছে। তার উত্থান, সাফল্য ও জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। ফলে মৃত্যুর ১৭ বছর পরও নতুন করে আলোচনায় উঠে এসেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তের কাছে মাইকেল জ্যাকসন আজও শুধু একজন শিল্পী নন, তিনি একটি যুগের নাম।
Advertisement
এলআইএ