অর্থনীতি

পোশাক শ্রমিকদের দক্ষতা উন্নয়নে দুই সংগঠনের সঙ্গে কাজ করবে ইপিবি

তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী ও মিড-লেভেল কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ, বিকেএমইএ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মধ্যে পৃথক চুক্তি সই হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ইপিবির সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

চুক্তির আওতায় আগামী তিন অর্থবছরে (২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইপিবি জানায়, বিজিএমইএ ও বিকেএমইএর ব্যবস্থাপনায় শ্রমিকদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ এবং বিইউএফটির ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে। এ প্রশিক্ষণের ব্যয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল থেকে নির্বাহ করা হবে।

Advertisement

প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তৈরি পোশাক খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য উৎপাদন এবং দক্ষ জনবল তৈরি করা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য রপ্তানি বাজারের কমপ্লায়েন্স ও ‘রুলস অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশে বর্তমানে স্যুট ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে। তাই বেসিক ওভেন মেশিনারি পরিচালনার প্রশিক্ষণের পাশাপাশি সার্কুলার মেশিন ও কমপ্লায়েন্স বিষয়গুলো প্রশিক্ষণ মডিউলে যুক্ত করা হলে তা আরও যুগোপযোগী হবে।

বিকেএমইএর প্রতিনিধি বলেন, প্রশিক্ষণ কর্মসূচিটি পুনরায় চালুর ফলে তৈরি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায় পর্যন্ত সবাই উপকৃত হবেন।

এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, প্রশিক্ষণ মডিউলের আধুনিকায়ন, মানোন্নয়ন, নিয়মিত মনিটরিং এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে শিল্পখাত কতটা উপকৃত হচ্ছে তা বিশ্লেষণ করা জরুরি।

Advertisement

তিনি সরকারি অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক ও সিএমসি প্রধান মো. রুহুল আমিন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, বিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির মাধ্যমে দেশের পোশাক খাতের আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এএমএ