ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বাস্তু সুরক্ষা সম্মেলন শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগে দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Advertisement

শনিবার (২৭ জুন) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে চবির আইন বিভাগের সভাপতি রাকিবা নবী বলেন, সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, বিচারপতি, বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়নকর্মী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্রতিনিধিরাও বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন।

সম্মেলনে মোট ১০টি থিম্যাটিক সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে পরিবেশগত ও জলবায়ুজনিত উদ্বাস্তু, মানবিক সহায়তা, সীমান্ত-অতিক্রমী সহযোগিতা, আন্তর্জাতিক দায়বদ্ধতা, রাষ্ট্রহীনতা, নারী ও শিশুর সুরক্ষা, উদ্বাস্তু শিবিরে জবাবদিহিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

Advertisement

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক নির্মল কুমার সাহা, অধ্যাপক আসমা বিনতে শফিক ও প্রভাষক রাশফিয়াতুর রাশফি।

এমএমআরআর/এসআর/জেআইএম