বিনোদন

ছয় মাস পর সুখবর, ঢাকায় গাইবেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। নিরাপত্তাজনিত কারণে গত বছর স্থগিত হওয়া তার বহুল প্রতীক্ষিত কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। একই সঙ্গে আগের টিকিটধারীদের জন্যও সুখবর দিয়েছে আয়োজকরা। যারা আগে টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের টিকিট নতুন আয়োজনের জন্য বৈধ থাকবে।

গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। টিকিট বিক্রিও চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

কনসার্ট স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছিলেন আতিফ আসলাম। তিনি আশ্বস্ত করেছিলেন, নতুন তারিখে আবারও ঢাকায় এসে অনুষ্ঠান করবেন। পাশাপাশি পুরোনো টিকিটধারীরা সেই টিকিট ব্যবহার করেই কনসার্ট উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছিলেন।

Advertisement

অবশেষে প্রায় ছয় মাস পর সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচি শিগগিরই জানানো হবে।

মেইন স্টেজের নির্বাহী কাজী রাফসান বলেন, “গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর হাজারো দর্শকের কাছ থেকে আমরা একটি প্রশ্ন শুনেছি-শোটি কি আবার হবে? তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ফিরে আসব। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, অপেক্ষা করেছেন এবং বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

আয়োজক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, যেসব দর্শক আগে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন প্রত্যাহার করতে পারবেন। আবেদন যাচাইয়ের পর তাদের টিকিট পুনরায় সক্রিয় করা হবে এবং প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement

‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক আতিফ আসলাম বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়। এর আগে একাধিকবার ঢাকায় কনসার্ট করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাই নতুন করে তার আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা।

এমএমএফ