জাতীয়

ড্যাফোডিল শিক্ষার্থী তালহা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলনকে (২৮) গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার আসামি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

Advertisement

গ্রেফতার মিলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ