রাজবাড়ীর গোয়ালন্দে একটি টায়ার পোড়ানো কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. সামসুদ্দিনের ছেলে সোহেল রানা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে শাওন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কারখানার ভেতরে কাজ চলাকালে আকস্মিকভাবে বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই দগ্ধ ও আহত হন শ্রমিক সোহেল রানা (২৪) ও শাওন (১৬)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
Advertisement
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শরিফুল ইসলাম জানান, বিস্ফোরণে আহত দুই শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢামেকে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারখানাটি বৈধ কি-না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
রুবেলুর রহমান/এসআর/এএসএম
Advertisement