জাতীয়

আবাসিক হোটেলে মিললো মরদেহ, অতিরিক্ত ইয়াবা সেবনে মৃত্যু—ধারণা পুলিশের

পুরান ঢাকার সিদ্দিকবাজারের একটি আবাসিক হোটেল থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকার ঢাকা প্যালেস নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। নিহত শামিম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন ব্যবসার কাজে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিললো যুবকের মরদেহ

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে ওসি মাহফুজুল হক জানান, গত ঈদুল আজহার পর থেকেই ঢাকা প্যালেস হোটেলের ওই কক্ষ ভাড়া নিয়ে থাকতেন মো. শামিম হাসনাত। তিনি কোনো কাজকর্ম করতেন না। তার ভাইয়ের জুতার দোকান রয়েছে। ভাইয়ের কাছ থেকেই টাকা নিয়ে খরচ করতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনে শামিমের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

ঢাকা প্যালেস হোটেলের মালিক মো. আবদুল কাদির জানান, গতকাল বুধবার (২৪ জুন) রাত থেকেই শামিমের কক্ষটি বন্ধ ছিল। আজ সকালে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন বিছানায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন শামিম। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন গ্রেফতার এড়াতে ইয়াবা সেবন, হাসপাতালে যুবকের মৃত্যু

নিহতের বড় ভাই মোশারফ হোসেন জানান, শামিম কোনো কাজকর্ম করতেন না। তার (মোশারফ) কাছ থেকে হাত খরচ নিয়ে চলতেন। প্রায় ১০ বছর আগে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু দুই মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়। শামিম ইয়াবায় আসক্ত ছিলেন। এ কারণে ২০১৮ সালে তাকে বাসা থেকে বের করে দেন তার বাবা।

কাজী আল আমিন/এমএমকে

Advertisement