আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ফের জাহাজে হামলা, জাতিসংঘের সহায়তা কার্যক্রম স্থগিত

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে নিরাপত্তা সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ম্যারিটাইম অরগানাইজেশন (আইএমও)। এতে যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি টিকবে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

ব্রিটিশ নৌ-পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথ ব্যবহার করলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না।

মার্কিন দুই কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান।

ইরানের গঠিত পারসিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি জানিয়েছে, তারা নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় নেবে না। সংস্থাটি বলেছে, অনুমোদনহীন পথে চলাচলের সব দায় জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ক্যাপ্টেনের।

Advertisement

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, হামলার শিকার জাহাজটির নাম এভার লাভলি, যা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোন হামলার মাধ্যমে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ ঘটনার পর আইএমও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা শত শত জাহাজ ও হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।তবে আইএমও স্পষ্ট করেছে, হামলার শিকার জাহাজটি তাদের উদ্ধার কার্যক্রমের আওতায় ছিল না।

গত মঙ্গলবার শুরু হওয়া এই স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় জাহাজগুলোকে ইরান ও ওমানের জলসীমা ব্যবহার করে নিরাপদে উপসাগর ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছিল, যেখানে যুক্তরাষ্ট্রও তদারকির দায়িত্বে ছিল।

এদিকে হামলার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক তেল সরবরাহ পুনরায় চালু হওয়ার সময় নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

Advertisement

সূত্র: রয়টার্স

এমএসএম