জাতীয়

শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার, প্রবাসীর মুখে হাসি ফেরালেন আনসার সদস্য

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া একটি লাগেজ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসারের দুই সদস্য। তাদের দ্রুত তৎপরতা ও আন্তরিকতায় স্বস্তি ফিরে পান দুবাইফেরত মোহাম্মদ রুবায়েত মাতুব্বর নামের ওই প্রবাসী।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ-০৩ এলাকায় এ ঘটনা ঘটে। দুবাই থেকে দেশে ফেরার পর নিজের লাগেজ খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন রুবায়েত। ব্যাগটিতে প্রয়োজনীয় নথিপত্র ও পরিবারের সদস্যদের জন্য আনা সামগ্রী ছিল।

এসময় দায়িত্বরত আনসার সদস্য আকরাম হোসেন ও ফয়েজ আহমেদ তার অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করেন। ব্যাগে থাকা নাম ও ঠিকানার স্টিকারের সূত্র ধরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজ চালানো হয়।

প্রায় ২০ মিনিটের অনুসন্ধানের পর রো-ডি এলাকায় ব্যাগটির সন্ধান পাওয়া যায়। পরে দেখা যায়, ভুলবশত অন্য এক প্রবাসী যাত্রীর ট্রলিতে ব্যাগটি চলে গিয়েছিল।

Advertisement

পরবর্তীতে নিয়ম অনুযায়ী মালিকানা যাচাই করে লাগেজটি রুবায়েত মাতুব্বরের কাছে হস্তান্তর করা হয়। হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসারের পক্ষ থেকে জানানো হয়, বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদস্যদের জনগণ ও প্রবাসীদের প্রতি দায়িত্বশীল এবং মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দিয়ে আসছেন। বিমানবন্দরের এ ঘটনা সেই সেবামূলক ও মানবিক কার্যক্রমেরই একটি উদাহরণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।

টিটি/এমকেআর

Advertisement