বিশ্বকাপের গ্রুপ এইচে স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে উরুগুয়ে শিবিরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। রেডিও স্টেশন এস্পেকটেডোর ডেপোর্টেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভালভার্দে ও সার্জিও রখেতসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় কোচ বিয়েলসার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
Advertisement
তারা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের প্রশিক্ষণ পদ্ধতি ও খেলার কৌশল পরিবর্তনের দাবি জানান। প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ম্যানিয়েল উগারতে ও রড্রিগো বেন্টাংকুর।
খেলোয়াড়দের অভিযোগ, অতিরিক্ত অনুশীলনের চাপের কারণে দলে একাধিক ফুটবলার চোটে পড়েছেন। পাশাপাশি তারা স্পেনের বিপক্ষে নিচু রক্ষণ (লো ব্লক) গড়ে পাল্টা আক্রমণনির্ভর কৌশলে খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
তবে বিয়েলসা তাদের দাবিতে সাড়া না দিয়ে পুরো দলকে নিয়ে আরেকটি বৈঠক করেন। সেখানে প্রায় ৪৮ মিনিট ধরে নিজের পরিকল্পনা ও দর্শন ব্যাখ্যা করেন। রেডিও প্রতিবেদনের দাবি, তিনি বলেন দলটি ‘মিররড ফরমেশন’-এ খেলবে। একই সঙ্গে অভিযোগ করেন, তিনি লুইস সুয়ারেজকে দলে না ডাকায় এবং মাহিতান নানদেজকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় খেলোয়াড়রা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
Advertisement
আরও দাবি করা হয়েছে, বিয়েলসা মারেটিন কাসেরেস ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর মতো কয়েকজন খেলোয়াড়ের ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এতে কিছু খেলোয়াড় ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। পরে হোসে মারিয়া হিমেনেজ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সফল হননি।
ওই রেডিও চ্যানেলটির দাবি, উরুগুয়ে ফুটবল ফেডারেশনের এক পরিচালক পুরো ঘটনার বিষয়ে অবগত এবং তিনি রেডিও স্টেশনকে বলেছেন, ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ বিয়েলসা উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন।
যদিও স্পেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বিয়েলসা কিংবা ফরোয়ার্ড রড্রিগো আগুয়ের এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিযুক্ত খেলোয়াড় এবং উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে টানা দুই ড্রয়ের পর নকআউট পর্বে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই উরুগুয়ের।
Advertisement
আরআর/এমএমআর