রাজশাহীর পবায় পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইনভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক পুষ্টিবিদ মুরাদ পারভেজ। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।
মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কমিশনার পারভেজ ও তার সহযোগীরা অফিসে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে এবং ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।
Advertisement
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে দুইজন গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীদের দাবি, হামলায় তাদের হাত-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Advertisement
মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম