আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত সেনাদের নাম প্রথমবার প্রকাশ করলো ভারত

ভারত সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো অপারেশন সিঁন্দুর চলাকালে নিহত ছয়জন সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন। তাদের নাম ভারতের রাজধানী নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে সংরক্ষণ করা হবে।

Advertisement

সরকার জানিয়েছে, শহীদদের নাম হলো— সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

এই ছয়জনের নাম ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে প্রাণ উৎসর্গ করা সব সেনাসদস্যের তালিকার সঙ্গেই প্রকাশ করা হয়েছে। তাদের নাম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ত্যাগ চক্রে খোদাই করা হবে। স্বাধীনতার পর দেশরক্ষায় আত্মোৎসর্গ করা প্রতিটি সেনাসদস্যের নাম এই স্মৃতিসৌধের গ্রানাইট প্রাচীরে সংরক্ষিত থাকে।

২০২৫ সালের ৭ মে ভারত অপারেশন সিঁন্দুর নামে পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত।

Advertisement

ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা জবাব দেয়। এতে দুই দেশের মধ্যে চার দিন ধরে আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তে ব্যাপক গোলাবিনিময় চলে। পরে ১০ মে সংঘাতের সমাপ্তি ঘটে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement