দেশজুড়ে

প্রেমের বিয়ের আট মাস পর অন্তঃসত্ত্বার মৃত্যু, ভাই-ভাবি গ্রেফতার

রংপুরের পীরগাছায় প্রেম করে বিয়ের আট মাস পর নুসরাত জাহান নুপুর (১৮) নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় আপন ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নুপুরের বড় ভাই খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী দিলরুবা আক্তার দিসা।

ঘটনার চার মাস পর ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

Advertisement

ওসি বলেন, রাতে গ্রেফতারের পর শুক্রবার (২৬ জুন) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের স্বতন্তরা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুসরাত জাহান নুপুর একই ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের মমিন মিয়ার ছেলে আহাদ হোসেন ঘটনার প্রায় আট মাস আগে প্রেম করে বিয়ে করেন। বিয়ের বিষয়টি ছেলেপক্ষ মেনে নিলেও মেয়েপক্ষ মেনে নেয়নি।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ঘটনার এক সপ্তাহ আগে অসুস্থতার কথা বলে নরুন্নবী মিয়া তার মেয়েকে দেখতে আসার জন্য বাড়িতে আসতে বলেন। নুসরাত বাবার বাড়িতে যাওয়ার পরদিন থেকেই তার স্বামী আহাদকে তালাক দিতে চাপ দেন পরিবারের লোকজন।

এ ঘটনার জেরে ১৭ ফেব্রুয়ারি সকালে আহাদকেও শ্বশুরবাড়িতে ডেকে নেওয়া হয়। পরে রাতে নুসরাত ও তার স্বামী আহাদকে বেধড়ক মারধর করে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। এক পর্যায়ে বড় ভাই খালিদ হাসান মিলু (২৫) ও পরিবারের অন্যদের নির্যাতনে নুসরাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তার মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনায় নিহত নুপুরের স্বামী আহাদ হোসেনকে (২১) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃত্যুর সময় নুপুর ৩ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলে স্থানীয়রা জানান।

সেইসময় এলাকাবাসী দাবি করেন, মরদেহে আত্মহত্যার স্পষ্ট কোনো চিহ্ন ছিল না। তাদের সন্দেহ, মারধরের পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। পরে নুপুরের স্বামী আহাদ আলী বাদী হয়ে মামলা করেন। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

জিতু কবীর/এএইচ/এএসএম