আইন-আদালত

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

শুক্রবার (২৬ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য জানতে আশিকা সুলতানার সাত দিনের পুলিশি রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও পড়ুন সরকারবিরোধী ষড়যন্ত্র / সাবেক এমপি আশিকা সুলতানার ৭ দিনের রিমান্ড আবেদন

আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান জাগো নিউজকে বলেন, মিরপুরের একটি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারীকে গ্রেফতার করে রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। আশা করছি ন্যায়বিচার পাবো এবং তিনি জামিন পাবেন।

Advertisement

মামলার এজাহার ও পুলিশের আবেদনে বলা হয়, গত ১৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিরপুর টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখান থেকে একটি সাদা রঙের পিভিসি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব ও ঐতিহ্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকা মহানগর উত্তর’।

আরও পড়ুন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া সাবেক এমপি আশিকা সুলতানার নেতৃত্বে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করা হয়েছিল। ওই মিছিলের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির চেষ্টা চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া পুলিশের অভিযোগ, আশিকা সুলতানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

Advertisement

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগে জড়িতদের নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দিতে এবং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে রিমান্ড মঞ্জুরের আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমডিএএ/কেএসআর