মেহেরপুর সীমান্তে আবারও তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে চলতি মাসে মেহেরপুর সীমান্তে দিয়ে চতুর্থবারের মতো পুশ-ইনের চেষ্টা হয়েছে।
Advertisement
শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেটে এ পুশ-ইনের ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ ওই তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়। ভোরে বিজিবি ও স্থানীয়রা তাদের সীমান্ত শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
Advertisement
ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় আছে বিজিবি। অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ও সীমান্তবাসী একসঙ্গে কাজ করছে। আসিফ ইকবাল/এসআর/এএসএম