ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে চোরাই বিদ্যুতের সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে রাইসা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
Advertisement
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
নিহত রাইসা রঘুনাথপুর গ্রামের রাজুল মিয়ার মেয়ে। সে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার নিয়ত আলীর ছেলে মো. নাজমুল অবৈধভাবে বিদ্যুতের মূল লাইন থেকে সংযোগ নিয়ে একটি ফিসারিতে মাছ চাষ করে আসছিলেন। ঘটনার সময়ও তিনি চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে একটি পুকুর থেকে অন্য পুকুরে পানি স্থানান্তরের কাজ করছিলেন। শহিদুল ইসলামের পুকুর লিজ নিয়ে সেখানে মাছ চাষ করতেন তিনি।
Advertisement
শুক্রবার বিকেলে রাইসা বাড়ির পাশের পুকুরপাড়ে খেজুর কুড়াতে যায়। এসময় অসাবধানতাবশত অবৈধভাবে টানা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। একপর্যায়ে তার শরীর ওই তারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে শিশুর মা বৈশাখী বারবার মূর্ছা যেতে থাকেন। তার আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা ও গাড়িচালক বকুল মিয়া বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই নিষ্পাপ শিশুটির মৃত্যু হয়েছে। যারা এমন ঝুঁকিপূর্ণ সংযোগ ব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
নিহতের চাচা মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ‘একটি ছোট্ট শিশুর প্রাণ চলে গেল অবহেলা আর অবৈধ কাজের কারণে। এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’
Advertisement
প্রায় এক ঘণ্টা পর মুক্তাগাছা থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হোসাইন সুলভ/এএইচ/এএসএম