Advertisement
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় কিশোরী গৃহকর্মী হাওয়া আক্তারের ওপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শাহানাজ সুলতানা এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু রায়হান সরকার জানান, জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠানো হয়।
Advertisement
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় ১৪ বছর বয়সী হাওয়া আক্তারকে উদ্ধার করে পুলিশ। পরে তার বক্তব্যে উঠে আসে, একই বছরের ১ জুলাই থেকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
তদন্তে জানা যায়, কাজে সামান্য ভুল হলেই তাকে গালিগালাজ করা হতো। গরম লোহার খুন্তি, রড ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি পোড়া ক্ষতের ওপর মরিচের গুঁড়া লাগিয়ে আরও যন্ত্রণা দেওয়া হতো। অভিযোগে বলা হয়, নির্যাতনের সময় একজন তাকে ধরে রাখতেন, আর অন্যজন মারধর করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও তাকে বাধা দেওয়া হতো।
ঘটনার পর ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২২ অক্টোবর এসআই প্রশান্ত বালা আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
Advertisement
এমডিএএ/এমকেআর