খেলাধুলা

ইতিহাস গড়ার লক্ষ্যে নকআউটে প্রথম মাঠে নামছে কানাডা-দক্ষিণ আফ্রিকা

অঘটনের ২০২৬ বিশ্বকাপে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র ও এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে টপকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট রাউন্ডে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে কানাডা স্বাগতিক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করে তারাও জায়গা করে নিয়েছে রাউন্ড অফ-৩২ তে।

Advertisement

কানাডা বিশ্বকাপের তিনটি আয়োজক দেশের মধ্যে একমাত্র দল, যাদের নকআউট পর্বের ম্যাচ নিজ দেশের বাইরে খেলতে হবে। অন্য স্বাগতিক দেশ মেক্সিকো যখন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে, তখন হেসে মার্শের কানাডাকে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে হবে।

তবে নিজেদের মাঠে না খেললেও কানাডার ফুটবলাররা এটিকে ইতিবাচকভাবেই দেখছেন। কানাডার ফরোয়ার্ড তানি ওলুওয়াসেই বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকে ভরা গ্যালারিতে খেলতে আমরা পছন্দ করি। কারণ এতে নিজেদের প্রমাণ করার জন্য বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়।’

কানাডার সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় অধিনায়ক আলফোনসো ডেভিসের ফিটনেস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে পারেননি। তবে কোচ হেসে মার্শ জানিয়েছেন, নকআউট ম্যাচের জন্য ডিফেন্ডারটি প্রস্তুত থাকবেন।

Advertisement

মার্শ বলেন, ‘ডেভিসের ফেরাটা শারীরিক ও ফুটবলীয় দিক থেকে যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি মানসিকভাবেও বিশাল প্রভাব ফেলবে। আমাদের অধিনায়ক এবং সেরা খেলোয়াড়কে আবার দলে পাওয়া আত্মবিশ্বাস বাড়াবে।’

গ্রুপ পর্বে কানাডা ও দক্ষিণ আফ্রিকা- দুই দলই ১টি করে জয়, ১টি ড্র ও ১টি হার নিয়ে শেষ করেছে। দক্ষিণ আফ্রিকা অবশ্য শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নাটকীয়ভাবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে।

কানাডার হয়ে ইসমায়েল কুনে ভাঙা পায়ের কারণে খেলতে পারবেন না। স্টিফেন ইউস্তাকিওর খেলা এখনও অনিশ্চিত। তবে মোইজ বোম্বিতো দলে ফিরবেন।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। তবে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় থেম্বা জোয়ানে আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন।

Advertisement

এই ম্যাচের বিজয়ী দল আগামী ৪ জুলাই হিউস্টনে মরক্কো ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)

উইলিয়ামস; মুদাউ, ওকন, এমবোকাজি, মোদিবা, এমবাথা, মোকোয়েনা; মাসেকো, মোফোকেং, অ্যাপোলিস, মাকগোপা।

কানাডার সম্ভাব্য একাদশ (৪-৪-২)

ক্রেপো, জনস্টন, ডি ফুজেরোলেস, কর্নেলিয়াস, লারিয়া, বুকানান, সালিবা, শোয়েনিয়ের, আহমেদ, ডেভিড, লারিন।

আইএইচএস/