বগুড়ার কাহালুতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাতজামাই ও তার ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিযুক্তের শ্বশুর শহীদুল ইসলাম।
Advertisement
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
জানা গেছে, জমিজমা নিয়ে মকবুল হোসেনের পরিবারের সঙ্গে তার আপন নাতজামাই শাকিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সেই বিরোধের জেরে শাকিল ও তার ছোট ভাই সবুজ ধারালো হাসুয়া নিয়ে মকবুল হোসেনের ওপর আচমকা হামলা চালান। এ সময় মকবুল হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে শাকিলের শ্বশুর শহীদুল ইসলামকেও কুপিয়ে জখম করা হয়।
Advertisement
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শহীদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযুক্ত শাকিল ও সবুজ একই এলাকার বাসিন্দা। শাকিল আহত শহীদুল ইসলামের মেয়ে সুমাইয়ার স্বামী এবং নিহত মকবুল হোসেনের আপন নাতজামাই। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত শাকিল ও সবুজ পলাতক রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এল.বি/কেএইচকে/এমএস
Advertisement