দেশজুড়ে

ভুয়া কাগজে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার হতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

Advertisement

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে তথ্য যাচাইয়ের সময় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ মাসুদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. জোবায়ের এবং মায়ের নাম শাকিলা খাতুন। তাদের আদি বাড়ি মিয়ানমারের মংডু অঞ্চলে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার আবেদন করতে এসে মাসুদ নিজেকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। আবেদনপত্রে তার বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন এবং মায়ের নাম শান্তানা আক্তার উল্লেখ করা হয়। পরিচয় প্রমাণে তিনি সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সই করা নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন, খোদেজা খাতুন দারুস্সূন্নাহ নূরানী হাফিজিয়া মাদরাসার প্রত্যয়নপত্র এবং একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন জমা দেন।

Advertisement

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, আবেদনকারীর কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তার পরিচয় যাচাই করা হয়। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারেন না। পরে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে কোনো ব্যক্তি সেখানে বসবাস করেন না। এছাড়া যে মাদরাসার প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়েছে, সেখানেও মোহাম্মদ মাসুদ নামে কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুয়া কাগজপত্র তৈরি করে একটি দালাল চক্রের মাধ্যমে ওই যুবককে ভোটার বানানোর চেষ্টা করা হয়েছে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মোহাম্মদ মাসুদ জিজ্ঞাসাবাদে জানান, কদ্দুছ অথবা কবীর নামে এক দালালের সঙ্গে এক লাখ টাকায় চুক্তি হয়েছিল। এনআইডি কার্ড করে দেওয়ার আশ্বাসে তিনি আগাম ১০ হাজার টাকা দিয়েছেন। কয়েকদিন আগে তাকে গৌরীপুরে এনে একটি হোটেলে রাখা হয়। পরে সাগর নামের এক ব্যক্তি তাকে নির্বাচন অফিসে নিয়ে আসেন। আটক হওয়ার পর ওই ব্যক্তি চলে যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‌‘আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Advertisement

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হোসাইন সুলভ/এসআর/এএসএম