রাজধানীর রামপুরা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
Advertisement
সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করেন।
এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করেন। সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পরে তিনি তার পরিচালিত 'রোড স্কোপ ঢাকা' নামে ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন বলে দাবি করেছে পুলিশ।
Advertisement
ঘটনার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
পরে তাকে রামপুরা থানার মাধ্যমে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
টিটি/এমএসএম
Advertisement