ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে হঠাৎই বহরমপুরের এক চিকিৎসকের চেম্বারে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও উদ্বেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে এখন একটাই প্রশ্ন-কী হয়েছে প্রিয় এই গায়কের?
Advertisement
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বহরমপুরের এক চিকিৎসকের চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছেন অরিজিৎ সিং। তাকে দেখে মুহূর্তেই ভিড় করেন ভক্তরা। কেউ সেলফি তুলেছেন, কেউ আবার প্রিয় শিল্পীর সঙ্গে একঝলক দেখা করার সুযোগ হাতছাড়া করেননি।
তবে কেন চিকিৎসকের কাছে গিয়েছিলেন অরিজিৎ, সে বিষয়ে এখনো পর্যন্ত তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।
যদিও ভাইরাল হওয়া ছবিতে অরিজিৎকে বেশ স্বাভাবিকই দেখা গেছে। কমলা রঙের পাঞ্জাবি পরা গায়ক ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। উপস্থিত কারও সঙ্গে বিরক্তি প্রকাশ না করে বরং আন্তরিকভাবেই সময় কাটিয়েছেন তিনি। তার মুখেও অসুস্থতার কোনো স্পষ্ট ছাপ দেখা যায়নি।
Advertisement
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি এখনও ‘পাড়ার অরিজিৎ’। স্কুটি চালিয়ে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সাধারণ মানুষের মতো বাজারে যাওয়ার জন্য প্রায়ই আলোচনায় আসেন এই সংগীতশিল্পী।
এর আগে প্লেব্যাক গান নিয়ে দেওয়া তার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল। অনেকেই ভেবেছিলেন, হয়তো গান ছেড়ে দিচ্ছেন তিনি। পরে অবশ্য অরিজিৎ নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়ে জানান, গান নয়, বরং নতুন কিছু করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। এরপর প্রকাশ করেন নতুন গান ‘রায়না’, যা শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পায়।
আরও পড়ুন:তখন দেড় হাজার পেতাম, এক হাজার দিয়ে শুরু করেছি এরশাদের নির্দেশও মানেননি মুস্তাফা মনোয়ার, তারপর যা ঘটেছিল…
এবার চিকিৎসকের চেম্বারে তার উপস্থিতির ছবি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভক্তদের মধ্যে। তবে কী কারণে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তাই নিশ্চিত কিছু জানা না গেলেও, অনুরাগীদের একটাই প্রত্যাশা-প্রিয় শিল্পী যেন সুস্থ ও ভালো থাকেন, আর তার সুরের জাদুতে মুগ্ধ করে যান কোটি কোটি শ্রোতাকে।
Advertisement
এমএমএফ