দেশজুড়ে

চিকিৎসা শেষে ফের কারাগারে দীপু মনি

ঢাকায় চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণের পরে পুনরায় তাকে মুন্সিগঞ্জের জেলা কারাগারে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ঢাকা থেকে চিকিৎসা শেষে দুপুর ১টার দিকে দীপু মনিকে পুনরায় জেলা কারাগারে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Advertisement

দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জুলাই আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও রয়েছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে। তাদের মধ্যে রয়েছেন দীপু মনিও। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুভ ঘোষ/এসআর/এএসএম

Advertisement