খেলাধুলা

সাকিবকে ছাড়িয়ে সবার উপরে এখন তাইজুল

হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর পেসাররাও সহায়ক উইকেটে নিজেদের ছাপ রাখতে পারেননি। তবে দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। সবুজ ঘাসে মোড়া, পেসারবান্ধব উইকেটেও দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। সেই সঙ্গে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ডে।

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলের দখলে।

বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার পাঁচ উইকেট ছিল পাঁচবার। মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন তিনবার করে।

শুধু পাঁচ উইকেটই নয়, হারারেতে ৭ উইকেট নিয়ে দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তাইজুল। তার ৭ উইকেটে ১৩৮ রান এখন বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেটে ৩৩ রান। তালিকার তৃতীয় স্থানে আছেন ইবাদত হোসেন, নিউজিল্যান্ডের বিপক্ষে যার বোলিং ফিগার ছিল ৬ উইকেটে ৪৬ রান।

Advertisement

টেস্টে ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তিও এখন তিনবার গড়েছেন তাইজুল। বাংলাদেশের ইতিহাসে আর কোনো বোলার একাধিকবার এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের প্রত্যেকের ঝুলিতে রয়েছে একটি করে সাত উইকেট।

এছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ডেও এখন সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দুজনেরই এখন ১৯টি করে পাঁচ উইকেট শিকার রয়েছে। তবে এই মাইলফলকে পৌঁছাতে তাইজুল খেলেছেন ১০৭ ইনিংস, যেখানে সাকিবের লেগেছে ১২১ ইনিংস। তালিকার তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ, তার পাঁচ উইকেট রয়েছে ১৪ বার।

ব্যাটিং ব্যর্থতা আর পেসারদের নিষ্প্রভ পারফরম্যান্সে হারারের টেস্টে বাংলাদেশ পিছিয়ে পড়লেও, তাইজুল ইসলাম আবারও দেখালেন কেন তিনি দলের সবচেয়ে নির্ভরযোগ্য ম্যাচজয়ী বোলারদের একজন। সহায়ক না হওয়া কন্ডিশনেও নিজের সামর্থ্য আর ধারাবাহিকতায় তিনি আরেকবার উজ্জ্বল হয়ে থাকলেন।

এসকেডি/আইএন

Advertisement