তথ্যপ্রযুক্তি

ভিউ বাড়াতে কখন পোস্ট করবেন জানুন আজই

ভালো কনটেন্ট তৈরি করলেই যে সেটি অনেক মানুষের কাছে পৌঁছাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ডিজিটাল বিপণন বিশেষজ্ঞদের মতে, একটি পোস্টের সফলতা নির্ভর করে শুধু কনটেন্টের মানের ওপর নয়; বরং পোস্ট প্রকাশের সময়, দর্শকদের অনলাইন উপস্থিতি, প্ল্যাটফর্মের অ্যালগরিদম এবং প্রকাশের পরপরই পাওয়া প্রতিক্রিয়ার ওপরও।

Advertisement

বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক দশকের মধ্যে প্রতি তিনজন মানুষের একজন পেশাদার কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করবেন। এমনকি প্রায় প্রতিটি পরিবারেই অন্তত একজন কনটেন্ট ক্রিয়েটর থাকবেন। ফলে সবার লক্ষ্য থাকবে একই-বেশি মানুষের কাছে পৌঁছানো এবং ভাইরাল হওয়া।

অনেক সময় দেখা যায়, একই অনুষ্ঠান থেকে তৈরি দুটি প্রায় অভিন্ন ভিডিও একই সময়ে প্রকাশ হলেও একটির ভিউ লাখ ছাড়িয়ে যায়, অন্যটি তেমন সাড়া পায় না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-পোস্ট করার সময় কি সত্যিই এত গুরুত্বপূর্ণ?

আরও পড়ুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ? পোস্ট করার সঠিক সময় কতটা গুরুত্বপূর্ণ?

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে পরিচালিত গবেষণাগুলো বলছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবহারকারীদের সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পোস্ট করলে ভালো এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে।

Advertisement

বাংলাদেশের ব্যবহারকারীদের ক্ষেত্রে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে সাধারণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘প্রাইম টাইম’ হিসেবে ধরা হয়। কারণ এ সময় অধিকাংশ মানুষ কাজ বা পড়াশোনা শেষে অবসর সময়ে অনলাইনে সময় কাটান।

তবে বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজস্ব দর্শকরা কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন। তাই নিয়মিত প্ল্যাটফর্মের ইনসাইটস বা অ্যানালাইটিকস পর্যবেক্ষণ করা উচিত।

শুধু সময় নয়, কনটেন্টের মানও সমান গুরুত্বপূর্ণ

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আগের তুলনায় অনেক বেশি উন্নত। এখন কেবল লাইক গণনা করা হয় না। বরং একটি ভিডিও কতক্ষণ দেখা হচ্ছে, কতজন সেটি শেয়ার বা সেভ করছেন এবং কতটা অর্থবহ মন্তব্য আসছে-এসব বিষয়ও রিচ নির্ধারণে বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়া ডে: ব্যবহার করছেন, নাকি ব্যবহৃত হচ্ছেন?

যেসব ধরনের কনটেন্ট সাধারণত ভালো ফল দেয়-

Advertisement

ছোট, সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ভিডিও বাস্তব অভিজ্ঞতা বা গল্পভিত্তিক স্টোরিটেলিং ‘কীভাবে করবেন’ ধরনের তথ্যসমৃদ্ধ পোস্ট চলমান ট্রেন্ড ও সমসাময়িক বিষয়ভিত্তিক কনটেন্ট দর্শকদের মন্তব্য বা আলোচনায় অংশ নিতে উৎসাহিত করে এমন পোস্ট নির্দিষ্ট সময়ে পোস্ট করলেই কি ভাইরাল হওয়া যায়?

এর উত্তর হলো-না। ডিজিটাল বিশেষজ্ঞদের মতে, শুধু নির্দিষ্ট সময় মেনে পোস্ট করলেই ভাইরাল হওয়ার নিশ্চয়তা নেই। বর্তমানে অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ ও আচরণ বিশ্লেষণ করে কনটেন্ট প্রদর্শন করে। তাই দীর্ঘমেয়াদে সফল হতে হলে দর্শকদের প্রয়োজন ও আগ্রহ বোঝার পাশাপাশি মৌলিক, মানসম্মত এবং মূল্যবান কনটেন্ট তৈরি করাই সবচেয়ে কার্যকর কৌশল।

কোন প্ল্যাটফর্মে কখন পোস্ট করা ভালো? ইনস্টাগ্রাম

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। রিলস ও স্টোরিজ প্রকাশের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা সময়টিও কার্যকর। এ সময় ব্যবহারকারীরা সাধারণত বিনোদনমূলক কনটেন্ট বেশি দেখেন।

ফেসবুক

বুধবার থেকে শুক্রবারের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পোস্ট করলে তুলনামূলক ভালো রিচ পাওয়া যায়। বিশেষ করে মধ্যসকালে ব্যবহারকারীদের সক্রিয়তা বেশি থাকায় এ সময় এনগেজমেন্টও বাড়তে পারে।

লিংকডইন

মঙ্গলবার ও বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সময় সবচেয়ে উপযোগী। কর্মদিবসের শুরুতে অনেক পেশাজীবী এই প্ল্যাটফর্মে বেশি সময় ব্যয় করেন।

টিকটক

মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যেও ভিডিও প্রকাশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এ সময় ব্যবহারকারীরা বেশি সময় ধরে ভিডিও স্ক্রল করেন।

অ্যালগরিদম সময়কে কেন গুরুত্ব দেয়?

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এখন পোস্ট প্রকাশের পরপরই কত দ্রুত লাইক, মন্তব্য, শেয়ার এবং অন্যান্য প্রতিক্রিয়া আসছে, সেটি বিশেষভাবে মূল্যায়ন করে। একে বলা হয় এনগেজমেন্ট ভেলোসিটি। আপনার অনুসারীরা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তখন পোস্ট করলে শুরুতেই বেশি প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে অ্যালগরিদম সেই পোস্ট আরও বেশি মানুষের নিউজফিডে দেখানোর সুযোগ পায়।

আরও পড়ুন জাতীয় ক্যামেরা দিবস / ছবির ফ্রেমে বন্দি স্মৃতি আর সময়ের গল্প নিজের জন্য সেরা সময় কীভাবে নির্ধারণ করবেন?

যদিও গবেষণাগুলো একটি সাধারণ ধারণা দেয়, তবে সব অ্যাকাউন্টের জন্য একই সময় সমান কার্যকর নয়। তাই সবচেয়ে ভালো উপায় হলো নিজের পেজ বা অ্যাকাউন্টের ইনসাইটস বিশ্লেষণ করা। সেখানে অনুসারীরা কোন সময় সবচেয়ে বেশি অনলাইনে থাকেন, সেটি দেখে পোস্টের সময় নির্ধারণ করুন।

আর যদি বিভিন্ন দেশের দর্শকদের লক্ষ্য করে কনটেন্ট প্রকাশ করেন, তাহলে হুটস্যুইট-এর মতো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট প্রকাশ করতে পারেন।

সঠিক সময়ে পোস্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেটিই সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়। সময়ের সঙ্গে মানসম্মত কনটেন্ট, দর্শকের চাহিদা বোঝা এবং ধারাবাহিকতা বজায় রাখার সমন্বয়ই একটি পোস্টের রিচ, ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

তথ্যসূত্র: স্প্রাউট সোশ্যাল ও রাডার

জেএস/