দারুণ পারফরম্যান্সে জার্মানিকে বিদায় করে সবাই অবাক করে দিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর গোটা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই ঐতিহাসিক জয় উদযাপনে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
Advertisement
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই জয় শুধু ফুটবলের সাফল্য নয়, এটি পুরো জাতির ঐক্য, আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার প্রতীক।
নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত স্নায়ুচাপ সামলে জিতে নেয় প্যারাগুয়ে। গোলরক্ষক অরল্যান্ডো গিল দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে নায়ক বনে যান, আর হোসে কানালের সফল শেষ শট নিশ্চিত করে জার্মানির বিদায়। বিশ্বকাপের ইতিহাসে এটি জার্মানির প্রথম টাইব্রেকার পরাজয়ও।
প্রেসিডেন্ট পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির ঘোষণাপত্রে স্বাক্ষরের ছবি প্রকাশ করে লেখেন, পুরো দেশ একসঙ্গে এই ঐতিহাসিক অর্জন উদযাপন করবে। বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হলো প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে হারানোর পর একই সিদ্ধান্ত নিয়েছিল ইকুয়েডর সরকার।
Advertisement
এই জয়ে ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে নকআউটে হারের প্রতিশোধও নিলো প্যারাগুয়ে। এখন শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী।
টিটিটি/আইএন