আর্সেনালের স্ট্রাইকার কাই হাভার্টজ সোমবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টাইব্রেকারে জার্মানির প্রথম পেনাল্টি মিস করেন। এর ফলে দলটি বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে তিনি নিজের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চান।
Advertisement
ম্যাচ শেষে মাঠেই দেওয়া সাক্ষাৎকারে হাভার্টজ ২০২২ সালের বিশ্বকাপের কথাও উল্লেখ করেন, যেখানে জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তিনি বলেন, প্রত্যাশার চেয়ে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় তিনি খুবই হতাশ।
তিনি বলেন, ‘আমার বলার মতো কিছু নেই। এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ, কিন্তু আমরা পরের রাউন্ডে উঠতে পারিনি। আমার জন্য এটি দ্বিতীয়বারের মতো এমন অভিজ্ঞতা। আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই। আমরা সবাই খুবই হতাশ। বিশ্বকাপ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল, আবারও এমন হতাশার মুখোমুখি হওয়া মোটেও ভালো অনুভূতি নয়।’
প্রথম পেনাল্টি মিস করে ‘ভিলেন’ হিসেবে সমালোচিত হওয়া হাভার্টজ জার্মানির পারফরম্যান্সও মূল্যায়ন করেন এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপে দল কী ভুল করেছে, তা নিয়ে খেলোয়াড়দের আত্মসমালোচনার আহ্বান জানান। হাভার্টজ বলেন, ‘আমার মনে হয় না আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছি। বলের দখল আমাদের ছিল, আমরা দ্বিতীয় গোলটিও করেছি, কিন্তু ম্যাচটা সহজ ছিল না। পেনাল্টি শুটআউটে সবসময়ই ৫০-৫০ সম্ভাবনা থাকে। আমরা সাধারণত পেনাল্টিতে ভালো করি, কিন্তু আজ সেটা হয়নি।’
Advertisement
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, প্রতিযোগিতায় প্রত্যেককে নিজের সেরাটা দিতে হয়। আমরা ভালো ফুটবল খেলেছি, কিন্তু সব সময়ই যেন কিছু একটা কম থেকে গেছে। এখন, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের নিজেদের দিকে তাকাতে হবে এবং ভাবতে হবে কীভাবে আরও উন্নতি করা যায়। আমরা একটি অসাধারণ দেশের প্রতিনিধিত্ব করি।’
আরআর/আইএন