আন্তর্জাতিক

তৃণমূলের নারী এমপির দিকে ছোড়া হলো পচা ডিম-বেগুন, ‘চোর চোর’ স্লোগান

পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লক্ষ্য করে পচা ডিম, পচা বেগুন ও পানির বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাকে দেখে দেওয়া হয়েছে ‘চোর-চোর’ স্লোগান।

Advertisement

বুধবার (১ জুলাই) কালীগঞ্জের একটি তিনতলা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভার ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সভা চলাকালেই কালীগঞ্জ জাতীয় সড়কের ওপর কালো পতাকা হাতে বিজেপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। জাতীয় সড়কের ওপর জড়ো হওয়া বিজেপির কর্মী-সমর্থকেরা সেখানে চোর-চোর স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন যোগীর পথেই শুভেন্দু / বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের দলীয় কার্যালয়

সে সময় ভবনের তিনতলায় দাঁড়িয়ে ছিলেন মহুয়া মৈত্র। আর নিচ থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, পচা বেগুন ও পানির বোতল। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনাটি লাইভ করেন মহুয়া মৈত্র। সেখানে তিনি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।

মহুয়া মৈত্র অভিযোগ করে বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে আছি। ওরা চায়, আমি মুখ লুকিয়ে পালিয়ে যাই। পুলিশের একটাই কাজ, গাড়িতে করে আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া। এটা আমার লোকসভা কেন্দ্র। আমি জনগণের ভোটে নির্বাচিত সদস্য। চারটে বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে যাব না।’

Advertisement

তৃণমূলের এই সংসদ সদস্য আরও বলেন, ‘পুলিশের কাজ হলো এই ভিড়টাকে ছত্রভঙ্গ করা। কিন্তু ওরা এখনো দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি।’ মহুয়া মৈত্র দাবি করেন, একটি পচা ডিম এসে তার শাড়িতেও লেগেছে।

আরও পড়ুন তৃণমূল কংগ্রেসের প্রায় ৬০০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

সভাস্থলে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের এক কর্মী মহুয়া মৈত্রকে বলেন, ‘দিদি, পুলিশ ব্যারিকেড করে আপনাকে নিরাপদে এই জায়গা থেকে বের করে দেবে।’ এর উত্তরে মহুয়া মৈত্র বলেন, ‘আমি এদের ভয়ে এখান থেকে যাব না। আমি এখানকার নির্বাচিত এমপি।’ তবে বৈঠকে যোগ দিতে আসা তৃণমূলের অনেক নেতা-কর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ডিডি/কেএএ/

Advertisement