কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’ গানে ব্যবহারের ধরন নিয়ে আপত্তি তুলেছেন অনেক শ্রোতা। এরই মধ্যে প্রথমবারের মতো গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সংগীতশিল্পী মৌসুমি দত্ত।
Advertisement
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘মেঘ’ গানের একটি অংশ শেয়ার করেন মৌসুমি। সেখানে তিনি জানান, শায়ান চৌধুরী অর্ণবের ফোন পেয়ে এই প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগে তিনি ভীষণ উচ্ছ্বসিত ছিলেন।
মৌসুমি লেখেন, ‘বাংলাদেশ থেকে যখন অর্ণব দা আমাকে ফোন করলেন, আমি খুবই আনন্দিত হয়েছিলাম। অনেক বছর ধরেই আমি তার গানের ভক্ত। একসঙ্গে কাজ করার বিষয়ে আমাদের আগে কথা হয়েছিল, তবে এটি যে কোক স্টুডিও বাংলার জন্য, তা আমি জানতাম না।’
তিনি আরও জানান, অর্ণব যখন তাকে বেজ গিটার বাজানোর পাশাপাশি গান গাওয়ার প্রস্তাব দেন, তখন তার আনন্দ আরও বেড়ে যায়। এইভাবেই ‘মেঘ’ গানের সঙ্গে তার যাত্রা শুরু হয় বলে উল্লেখ করেন তিনি।
Advertisement
পোস্টের শেষাংশে শ্রোতাদের উদ্দেশে মৌসুমি লেখেন, ‘আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। ভালো লাগলে শেয়ার করবেন।’ একই সঙ্গে তিনি অর্ণবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
গত ২৮ জুন প্রকাশিত ‘মেঘ’ গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। এতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম এবং ভারতের মৌসুমি দত্ত। বর্ষাকে কেন্দ্র করে নির্মিত এই গানটির সংগীত ভাবনায় ব্যবহার করা হয়েছে মিয়াঁ তানসেনের সৃষ্টি ‘মিয়াঁ কি মালহার’ রাগ। গানের একটি অংশের কথা লিখেছেন স্বরণ দত্ত এবং সেই অংশের সুর করেছেন মোহাম্মদ শোয়েব।
আরও পড়ুন ব্যস্ততার মাঝেও নতুন সুখবর দিলেন ঐশীতবে গানটি প্রকাশের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার অংশ ব্যবহারের ধরন নিয়ে। অনেক শ্রোতার দাবি, কবিতার আবহ ও গানের সুর-সংগীতের মধ্যে প্রত্যাশিত সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে ইউটিউবের মন্তব্যের ঘর থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত টাইমলাইনেও গানটি নিয়ে চলছে বিস্তর আলোচনা।
যদিও এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শায়ান চৌধুরী অর্ণব কিংবা গানটির অন্য দুই শিল্পী মোহাম্মদ শোয়েব ও মাশা ইসলাম। তবে বিতর্কের মধ্যেই মৌসুমি দত্তের এই পোস্টকে ‘মেঘ’ নিয়ে সংশ্লিষ্ট শিল্পীদের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া হিসেবে দেখছেন অনেকেই।
Advertisement
উল্লেখ্য, প্রকাশের পর ইউটিউবে ‘মেঘ’ গানটির ভিউ প্রায় ছয় লাখ। কোক স্টুডিও বাংলার আগের কয়েকটি জনপ্রিয় গানের তুলনায় এই সংখ্যা তুলনামূলক কম।
এমএমএফ