শিক্ষা

পরীক্ষাকেন্দ্রে চেয়ার রাখার নির্দেশ, মোতায়েন হচ্ছে স্কাউট-বিএনসিসি

এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

Advertisement

একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য কেন্দ্র প্রাঙ্গণে অপেক্ষমাণ শেড ও বসার উপযোগী চেয়ার রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পরে তা চিঠি আকারে সব পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে যে, পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন।

Advertisement

কিন্তু অধিকাংশ কেন্দ্রেই অভিভাবকদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার স্থান নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদেরকে অত্যন্ত কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়।

এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য কোনো রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এএএইচ/এমএএইচ/

Advertisement