খেলাধুলা

এম্বোলোর গোলে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে আলজেরিয়া

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্রথমার্ধে ব্রিল এম্বোলোর একমাত্র গোলে আলজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।শুরুর দিকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ১০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এম্বোলো। মাঝমাঠ থেকে দুর্দান্ত একক প্রচেষ্টায় বক্সে ঢুকে জোহান মানজাম্বি নিখুঁত পাস বাড়িয়ে দেন এম্বোলোর উদ্দেশে। ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ ফিনিশে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

Advertisement

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। রিয়াদ মাহরেজ, হৌসেম আওয়ার ও ফারেস শাইবিরা কয়েকটি আক্রমণ গড়লেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। ৪৩ মিনিটে শাইবির শট সহজেই আটকে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।

প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি আলজেরিয়া। অন্যদিকে সুইজারল্যান্ড তুলনামূলক কম সুযোগ পেয়েও একটি গোল আদায় করে নেয়। প্রথমার্ধের শেষদিকে আলজেরিয়ার ফারেস শাইবি ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মাহরেজের ক্রস থেকে আওয়ার বল নামিয়ে দিলেও মাজা লক্ষ্যভ্রষ্ট শট নিলে সমতায় ফেরা হয়নি আফ্রিকান দলটির।

এসকেডি/জেআইএম

Advertisement