রাজনীতি

প্রয়োজন শেষে জোটসঙ্গীদের উপেক্ষা করলে জোট টেকসই হয় না: আবু হানিফ

 

Advertisement

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জোটের শরিক দলগুলোর অবদান অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তারা বিএনপির পাশে ছিল। তাই সরকার পরিচালনায়ও তাদের যথাযথ মূল্যায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, জোটসঙ্গীদের শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে পরে উপেক্ষা করলে সেই জোট দীর্ঘস্থায়ী হয় না। বিএনপি যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চায়, তবে শরিক দলগুলোর সম্মান, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে দলটি মিত্রহীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

শুক্রবার (৩ জুলাই) রাতে রাজধানীর বনানীতে গণঅধিকার পরিষদের বনানী থানা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

আবু হানিফ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বনানী থানার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। বর্তমানে আন্দোলনের পরিবর্তে জনগণের কাছে সরকারের সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক সংকটে গণঅধিকার পরিষদসহ জোটভুক্ত দলগুলো বিএনপির পাশে ছিল। সে সময় জাতীয় সরকার গঠনের বিষয়ে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, তা বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ জোটসঙ্গী দলের যোগ্য নেতাদের মন্ত্রিসভা ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবলু আহমেদ। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ও মহানগর উত্তরের সভাপতি আরাফাতসহ অন্য নেতারা।

Advertisement

এমডিএএ/এমকেআর