খেলাধুলা

স্পেনই পর্তুগালের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: নুনো মেন্দেস

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনই হবে পর্তুগালের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এমনটাই মনে করেন পর্তুগালের বাঁ-প্রান্তের ডিফেন্ডার নুনো মেন্দেস। তবে কঠিন চ্যালেঞ্জের মুখেও নিজের দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি।

Advertisement

সোমবার টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। ম্যাচের আগে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুনো মেন্দেস বলেন, গত বছরের উয়েফা নেশনস লিগের ফাইনালের ফল যদি আবারও ফিরিয়ে আনা যায়, তাহলে সেটি হবে দারুণ ব্যাপার।

তার ভাষায়, ‘যদি নেশন্স লিগের ফাইনালের ফল আবারও করতে পারি, তাহলে দারুণ হবে। তবে এটি ভিন্ন ম্যাচ, ভিন্ন একটি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর মতোই স্পেনের বিপক্ষেও আমাদের একই মানসিকতা নিয়ে খেলতে হবে।’

গত বছর নেশন্স লিগের ফাইনালে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। সেই স্মরণীয় পারফরম্যান্সের পুনরাবৃত্তির আশা করছেন মেন্দেস। তিনি বলেন, ‘আমরা জানি, এখন পর্যন্ত যা খেলেছি তার চেয়ে আরও ভালো খেলতে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।’

Advertisement

২৪ বছর বয়সী এই ডিফেন্ডার, যিনি সদ্য পিএসজির হয়ে আরেকটি দুর্দান্ত মৌসুম শেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রেখেছেন, স্বীকার করেছেন যে সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, ‘আমরা জানি, এই ম্যাচে যে হারবে, তার বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে। কাগজে-কলমে স্পেনই এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তবে খেলা শুরু হলে ম্যাচ কখন কঠিন হবে, আবার কখন সহজ হয়ে যাবে, তা আগে থেকে বলা যায় না।’

স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় তাকে বিশ্বের সেরা লেফট-ব্যাক বলে প্রশংসা করেছেন। সেই স্বীকৃতিকে ইতিবাচকভাবেই নিয়েছেন মেন্দেস। একই সঙ্গে টুর্নামেন্টের অন্যতম আলোচিত তরুণ তারকা লামিন ইয়ামালের বিপক্ষে আরেকটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

শেষ ষোলোর এই মহারণের আগে শনিবার টরন্টো থেকে ডালাস এলাকায় পৌঁছেছে পর্তুগাল দল। সোমবার দুই দলের মধ্যে জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

আরআর/আইএন

Advertisement