এবারই প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় লিওনেল মেসির দল। আর্জেন্টিনাকে এভাবে ভুগতে দেখে নিজের দলকে সতর্ক করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
Advertisement
আজ (রোববার) চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দিনগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এখন পর্যন্ত চারবারের দেখায় নরওয়েকে একবারও হারাতে পারেনি ব্রাজিল। দুই ম্যাচে পরাজয়ের সঙ্গে আছে দুটি ড্র। নরওয়ের কোচ ম্যাচের আগে ব্রাজিলকে কিছুটা উসকানিমূলক কথা বললেও সেটিকে স্রেফ কৌতুক হিসেবে উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি।
তবে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচের উদাহরণ টেনে সতর্ক করেছেন নিজের শিষ্যদের। তিনি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে? কেউ ভাবেনি। আধুনিক ফুটবলটাই এখন এমন। এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, বরং কেপ ভার্দের ফুটবলার ও কোচের কৃতিত্ব। তারা অবিশ্বাস্য সুন্দর খেলেছে।’ নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডকে আটকানোর জন্য কোনো বিশেষ রক্ষণাত্মক ছক কষছেন কি না, এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘সবাই হালান্ডকে চেনে। আমার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসকে নতুন করে কিছু বোঝাতে হবে না। ও প্রিমিয়ার লিগে হলান্ডের বিপক্ষে অনেক খেলেছে, ও আমার চেয়েও ভালো জানে হলান্ডকে কীভাবে থামাতে হয়।’
এসকেডি/এমআইএইচএস
Advertisement