জাতীয়

যৌতুক না পেয়ে কেরোসিন ঢেলে স্বামীর আগুন, দগ্ধ তরুণীর মৃত্যু

রাজধানীর মিরপুরে আগুনে দগ্ধ হওয়া শিফা বেগম (১৯) নামের এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী সোহেল তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে শিফার মৃত্যু হয়।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বড়বাগ আমজাদ গার্মেন্টস-সংলগ্ন বাসায় শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সোহেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করান। তবে ঘটনাটি পরিবারকে জানানো হয় গভীর রাতে।

Advertisement

হাসপাতালে শিফা বেগমের বাবার আহাজারি/ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা নিজেই জানিয়েছিলেন, যৌতুকের লোভে তার স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, স্বামীর আগুনে দগ্ধ হয়ে শিফার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Advertisement

কেএজেডআইএ/একিউএফ