চাঁপাইনবাবগঞ্জে হেরোইন প্যাকেটজাত করার সময় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ প্যাকেটজাতে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়।
Advertisement
রোববার (৫ জুলাই) দুপুর ২টায় পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাটে সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুরদি (৩৪) ও মাসুদ রানা (১৮)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাবেক ওই ইউপি সদস্যের বাড়িতে হেরোইনের চালান আনা হচ্ছিল। রোববার সকালে পুলিশ জানতে পারে, বড় একটি চালান বিভিন্ন স্থানে পাঠানোর জন্য হেরোইন প্যাকেটজাত করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে হেরোইনসহ প্যাকেটজাতে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়।
সোহান মাহমুদ/এসআর