দেশজুড়ে

দর্শনায় হাঁস-মুরগি চুরি, নারীসহ আটক ৩

চুয়াডাঙ্গার দর্শনায় হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়দের হাতে নারীসহ তিনজন আটক হয়েছেন। পরে তাদের আদালতে সোপর্দ করলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

Advertisement

রোববার (৫ জুলাই) সকালে দর্শনা থানার চাকুলিয়া মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চাকুলিয়া মাঝপাড়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল রহমান ঘটনাস্থলে পৌঁছে তাদের পুলিশ হেফাজতে নেন।

আটকরা হলেন- দর্শনা থানার মোহাম্মদপুর (মেথরপট্টি) এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবিছ উদ্দিনের স্ত্রী মোছা. রেখা খাতুন (৫৮)।

Advertisement

পরে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত সুজন কুমার দাসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ময়না রানী ও মোছা. রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ যে কোনো অপরাধ প্রতিরোধে দর্শনা থানা পুলিশ সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় চুরির অভিযোগে তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

হুসাইন মালিক/এমআরএম

Advertisement