খেলাধুলা

বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ে সিরিজকে বড় সুযোগ মনে করছেন মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। হারারে স্পোর্টস ক্লাবে সোমবার দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচে। এই সিরিজকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা কয়েকদিনের অনুশীলনে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী টাইগাররা।

Advertisement

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জানিয়েছেন, অনুশীলনের সময়টাকে দল সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। তিনি বলেন, ‘খুবই ভালো হয়েছে। গত কয়েকদিন আমরা খুব ভালো অনুশীলন করেছি। ব্যাটসম্যানরা অনেক দায়িত্বশীল ব্যাটিং করেছে এবং বোলাররা ভালো জায়গায় বল করেছে। আমার কাছে মনে হয়, আমরা যে অনুশীলনের সুবিধা পেয়েছি, সেটার শতভাগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। সামনে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপ। এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এতে প্রত্যেক খেলোয়াড় এই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাবে। যদি আমরা শতভাগ দিতে পারি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে প্রত্যেকের জন্যই এটা বড় সুযোগ হবে।’

জিম্বাবুয়ের মাটিতে খেলা সহজ হবে না জানিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতা। আমরা সর্বশেষ চারটি সিরিজ জিতেছি, যদিও সেগুলো ছিল বাংলাদেশের কন্ডিশনে। এখানে আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ থাকবে। তারপরও আমরা অনেক আত্মবিশ্বাসী। ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, বোলাররাও ভালো বোলিং করছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাহলে অবশ্যই আমরা এই সিরিজ জিততে পারবো।’

এসকেডি/আইএন