বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর নিজের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ স্টোলে সোলবাক্কেন।
Advertisement
ম্যাচ শেষে সোলবাক্কেন বলেন, ‘নরওয়ের সবাই জানতো, ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারতো। এটি খুব কঠিন লড়াই ছিল, তবে শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে এসেছে। আমি আমার দলের জন্য খুবই গর্বিত।’
কোচের মতে, পুরো ম্যাচটি ছিল সমানতালে লড়াইয়ের, তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে নরওয়ে ছিল বেশি কার্যকর। বিশেষ করে আরলিং হালান্ডের পারফরম্যান্স ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
সোলবাক্কেন বলেন, ‘আমরা জানতাম, হালান্ড ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। লম্বা পাসের কৌশল আমাদের ইতিবাচক ফল এনে দিয়েছে। হালান্ডসহ পুরো দলই আত্মবিশ্বাসী ছিল। আমরা বলের দখলও ভালোভাবে ধরে রাখতে পেরেছি। ম্যাচটি ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত জয়টা আমাদেরই হয়েছে।’
Advertisement
নরওয়ের জয়ের নায়ক হালান্ড দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন। চলতি বিশ্বকাপে এটি তার সপ্তম গোল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন।
আরও একটি উল্লেখযোগ্য রেকর্ডও ধরে রেখেছে নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি সেলেসাওরা। এবার সেই পরিসংখ্যানে যুক্ত হলো ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার গৌরবও।
আরআর/আইএন
Advertisement