জাতীয়

কারখানার মেশিনে হাত থেঁতলে ও মাথায় আঘাত পেয়ে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় কাজ করার সময় মেশিনের ভেতরে হাত ঢুকে থেঁতলে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৩)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

আরও পড়ুন চাকরির প্রথমদিনেই গলাকাটা গেলো বাস কাউন্টার কর্মীর, টাকা লুট

জাহাঙ্গীরের মামা আব্দুর রহিম জানান, জাহাঙ্গীর সাত বছর ধরে কারখানায় পুরোনো কাগজ প্রক্রিয়াজাতকরণের কাজ করে আসছিলেন। রাত ১২টার দিকে কাজ করার সময় অসতর্কতাবশত হঠাৎ তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়। এতে হাতটি সম্পূর্ণ থেঁতলে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে।

Advertisement

আব্দুর রহিম বলেন, ‘আমরা দুজন অনেক বছর ধরে একসঙ্গে এই কারখানায় কাজ করছি। চোখের সামনে ভাগনের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

Advertisement